নতুন ক'রে রেজওয়ান জিন্নত সাজায় (notun kore rezwan jinnat shajay)
নতুন ক'রে রেজওয়ান জিন্নত সাজায়
আজ রোজায় আজ রোজায় আজ রোজায়।
লাগল চাবি দোজখেরি দরওয়াজায়॥
মসজিদেরি মিনার-চূড়ে
আজ বেহেশ্তী নিশান উড়ে
গাফলতি নাই আর কারো নামাজ কাজায়॥
রোজার শবেকদর রাতে
কোরান এলো দুনিয়াতে
ফেরেশ্তা সব সালাম জানায় মোর্তজায়॥
- ভাবসন্ধান: এটি ইসলামী ভাবধারার একটি ভক্তিমূলক ও আনন্দময় রচনা। এই গানে পবিত্র রমজান মাসের আগমনকে কেন্দ্র করে ইসলামী জগতে যে আধ্যাত্মিক জাগরণ, পাপমোচনের আকাঙ্ক্ষা, ইবাদতের আনন্দ এবং মহানবী হজরত মুহম্মদ (সা.)-এর প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধার প্রকাশ ঘটেছে।
কবি কল্পনা করেছেন—রমজানের পবিত্রতায় সমগ্র জগৎ যেন নতুন সৌন্দর্য ও পবিত্রতায় সজ্জিত হয়েছে। রেজওয়ানসহ জান্নাতের ফেরেশতারা নতুন করে আনন্দের সাজে সজ্জিত হয়েছে এবং রোজার বরকতে দোজখের দরজা বন্ধ হয়ে গেছে। রেজওয়ানসহ জান্নাত-এর আক্ষরিক অর্থ জান্নাতের প্রহরী। এখানে জান্নাতের তত্ত্বাবধায়ক অর্থে ব্যবহার করা হয়েছে।
মসজিদের মিনারের চূড়ায় আজ বেহেশতের পতাকা উড়ছে। এটি রমজানের পবিত্রতা, আল্লাহর রহমত ও মানুষের আত্মশুদ্ধির প্রতীক। রোজার মাধ্যমে মানুষের হৃদয় থেকে গাফিলতি (অবহেলা বা উদাসীনতা) দূর হয়েছে। তাই সবাই নামাজ, ইবাদত ও ধর্মীয় কর্তব্য পালনে মনোযোগী হয়েছে।
কবি স্মরণ করেছেন পবিত্র শবে কদর-এর মহিমা। মহিমান্বিত এই রাতেই পবিত্র কোরআন পৃথিবীতে অবতীর্ণ হয়েছিল। তাই এই রাত ও রমজান মাস সমগ্র মানবজাতির জন্য আল্লাহর বিশেষ অনুগ্রহ ও হেদায়েতের (সঠিক পথের দিশা বা আল্লাহপ্রদত্ত পথনির্দেশ) উৎস। ফেরেশতারা আনন্দে সালাম জানাচ্ছে আল্লাহর মোর্তজা (নির্বাচিত বা মনোনীত, এটি মহানবীর একটি উপাধ) মহানবী হজরত মুহম্মদ (সা.)-কে।
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৬ খ্রিষ্টাব্দের ডিসেম্বর (অগ্রহায়ণ-পৌষ ১৩৪৩) মাসে , এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে এই গানটির একটি রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৭ বৎসর ৫ মাস।
- রেকর্ড: এইচএমভি [ডিসেম্বর ১৯৩৬ (অগ্রহায়ণ-পৌষ ১৩৪৩)। এন ৯৮২২। শিল্পী: রাবেয়া খাতুন]
- স্বরলিপিকার ও স্বরলিপি: সুধীন দাশ। [নজরুল-সঙ্গীত স্বরলিপি, ত্রয়োদশ খণ্ড। প্রথম সংস্করণ। নজরুল ইন্সটিটিউট । জ্যৈষ্ঠ ১৪০১/মে ১৯৯৪। ১৭ সংখ্যক গান] [নমুনা]
- সুরকার: কাজী নজরুল ইসলাম
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ধর্মসঙ্গীত। ইসলাম। রমজান। মহিমা
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্যের গান
- তাল: কাহারবা
- গ্রহস্বর: র্সা