হেরা হতে হেলে দুলে নূরানী তনু ও কে আসে হায় (hera hote hele dule)

হেরা হতে হেলে দুলে
        নূরানী তনু ও কে আসে হায়,
সারা দুনিয়ার হেরেমের পর্দা
        খুলে খুলে যায় 
—
সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা॥

তার ভাবে বিভোল রাঙা পায়ের তলে
পর্বত জঙ্গম টলমল টলে,
খোরমা খেজুর বাদাম জাফরানি ফুল
                ঝ'রে ঝ'রে যায় ॥

আসমানে মেঘ চলে ছায়া দিতে,
পাহাড়ের আঁসু গলে ঝরনার পানিতে,
বিজলি চায় মালা হতে,
        পূর্ণিমার চাঁদ তার মুকুট হতে চায়॥
সে যে আমার কমলিওয়ালা 
— কমলিওয়ালা॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪২ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর (ভাদ্র-আশ্বিন ১৩৪৯) মাসে টুইন রেকর্ড কোম্পানি থেকে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪৩ বৎসর ৩ মাস।
     
  • রেকর্ড: টুইন [সেপ্টেম্বর ১৯৪২ (ভাদ্র-আশ্বিন ১৩৪৯)। এফটি ১৩৮২৪। শিল্পী: আব্বাসউদ্দীন আহমদ। সুর: দেলওয়ার হোসেন। [শ্রবণ নমুনা]
     
  • স্বরলিপি ও স্বরলিপিকার: নীলিমা দাস। [নজরুল সঙ্গীত স্বরলিপি, ঊনত্রিশতম খণ্ড,  নজরুল ইন্সটিটিউট, ঢাকা। শ্রাবণ ১৪১৩/আগষ্ট ২০০৬] ২৫ সংখ্যক গান। আব্বাসউদ্দীন আহমদ-এর রেকর্ডে গাওয়া গান অনুসারে স্বরলিপি করা হয়েছে। 
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: ভক্তি  [ইসলামী। বন্দনা। নাত]
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।