ওরে নীল যমুনার জল! বল্ রে মোরে বল্ (ore nil jomunar jol! bol re more bol)

ওরে   নীল যমুনার জল! বল্ রে মোরে বল্
        কোথায় ঘনশ্যাম 
— আমার কৃষ্ণ ঘনশ্যাম।
আমি  বহু আশায় বুক বেঁধে যে এলাম 
— এলাম ব্রজধাম॥
তোর  কোন্ কূলে কোন্ বনের মাঝে
        আমার কানুর বেণু বাজে,
আমি  কোথায় গেলে শুনতে পাব 'রাধা রাধা' নাম॥
আমি  শুধাই ব্রজের ঘরে ঘরে 
— কৃষ্ণ কোথায় বল্;
কেন  কেউ কহে না কথা, হেরি সবার চোখে জল।
        বল্ রে আমার শ্যামল কোথায়
        কোন্ মথুরায় কোন্ দ্বারকায় 
— বল্ যমুনা বল।
বাজে  বৃন্দাবনের কোন্ পথে তাঁর নূপুর অভিরাম॥

  • ভাবসন্ধান: কৃষ্ণবিহীন ব্রজধামে কোনো এক কৃষ্ণ-অনুরাগী বুক বাঁধা আশা নিয়ে এসেছেন কৃষ্ণ দর্শনে। কিন্তু কোথাও কৃষ্ণকে দেখতে না পেয়ে তিনি সবাইকে জিজ্ঞাসা করে ফিরছেন-  'কোথায় ঘনশ্যাম-আমার কৃষ্ণ ঘনশ্যাম'?। ব্রজবাসী নিজেরাই কৃষ্ণ-বিরহে ছিলেন যন্ত্রণা-কাতর। তাই কারো কাছে এর সদুত্তর তিনি পান না। মূলত এর ভিতর দিয়ে উপস্থাপিত হয়েছে- কৃষ্ণবিহীন ব্রজবাসীর মনবেদনার অভিব্যক্তি।

    কৃষ্ণ-অনুরাগী কৃষ্ণের সন্ধান চেয়েছেন- নীল যমুনার জলের কাছে। অন্যান্যদের জানতে চেয়েছেন- ব্রজের কোন কুঞ্জে কৃষ্ণ বাঁশি বাজাচ্ছেন, কোথায় গেলে তিনি শুনতে পাবেন তাঁর কণ্ঠে 'রাধা রাধা নাম। এ প্রশ্নের উত্তরে ব্রজবাসী নিরুত্তর। কারণ তাঁরাও জানেন না কৃষ্ণের সন্ধান। ব্রধধাম ছেঢ়ে তিনি কি আছেন মধুরায় নাকি দ্বারকায়?, এর উত্তরও তাঁদের জানা নেই। তাঁরা জানেন না- বৃন্দাবনের কোন পথে তাঁর পায়ে বাজে পরমসুন্দর নূপুরের ধ্বনি।

     
  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৬ খ্রিষ্টাব্দের অক্টোবর (আশ্বিন-কার্তিক ১৩৪৩) মাসে, এইচএমভি রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করেছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৭ বৎসর ৪ মাস।
     
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ, (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২)। গান সংখ্যা ৫৩১।
     
  • রেকর্ড: এইচএমভি [অক্টোবর ১৯৩৬ (আশ্বিন-কার্তিক ১৩৪৩)। এইচএমভি ৯৭৮৮।শিল্পী: যূথিকা রায়। সুর: কমল দাশগুপ্ত] [শ্রবণ নমুনা]
     
  • স্বরলিপি ও স্বরলিপিকার:  নীলিমা দাস। [নজরুল সঙ্গীত স্বরলিপি, বত্রিশতম খণ্ড,  নজরুল ইন্সটিটিউট, ঢাকা।   ফাল্গুন ১৪১৫। ফেব্রুয়ারি ২০০৯] চতুর্থ গান। রেকর্ডে  যূথিকা রায়ের গাওয়া গানের সুরানুসারে স্বরলিপি করা হয়েছে। [নমুনা]
     
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: ধর্মসঙ্গীত। সনাতন হিন্দু দুধর্ম। বৈষ্ণব। কৃষ্ণ। অন্বেষণ।
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।