কত কথা ছিল বলিবার, বলা হ'ল না (koto kotha chhilo bolibar, bola holo na)

কত কথা ছিল বলিবার, বলা হ'ল না।
বুকে পাষাণ সম রহিল তারি বেদনা
॥
         মনে রহিল মনের আশা
         মিটিল না প্রাণের পিপাসা,
বুকে শুকালো বুকে ভাষা 
─ মুখে এলো না॥
         এত চোখের জল, এত গান
         এত আদর সোহাগ অভিমান,
কখন সে হ'ল অবসান 
─ বোঝা গেল না॥
         ঝরিল কুসুম যদি হায়!
   কেন স্মৃতির কাঁটাও নাহি যায়,
বুঝিল না কেহ কাহারো মন বিধির ছলনা॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ' 'গুলবাগিচা ' গীতি-সংকলনের প্রথম সংস্করণে [১৩ আষাঢ় ১৩৪০, ২৭ জুন ১৯৩৩]  গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৪ বৎসর ১ মাস।
     
  • গ্রন্থ:
    • গুলবাগিচা
      • প্রথম সংস্করণ [১৩ আষাঢ় ১৩৪০, ২৭ জুন ১৯৩৩। ভীমপলশ্রী-কার্ফা। পৃষ্ঠা: ১০]
      • নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংকলন। পঞ্চম খণ্ড। বাংলা একাডেমী। ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১। গান সংখ্যা ৯। ভীমপলশ্রী-কার্ফা। পৃষ্ঠা ২৩০]
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ। [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১৩৪৬। রাগ : খাম্বাজ মিশ্র, তাল: কাহার্‌বা। পৃষ্ঠা: ৪০৭-৪০৮]
  • রেকর্ড: মেগাফোন [নভেম্বর ১৯৩৫ (কার্তিক-অগ্রহায়ণ ১৩৪২)। জেএনজি ২২৫। শিল্পী: আঙ্গুরবালা (টেঁপি)]
     
  • সুরকার: ভীষ্মদেব চট্টোপাধ্যায়
  • স্বরলিপি ও স্বরলিপিকার:
  • পর্যায়:

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।