গাছের তলে ছায়া আছে সোঁত নদীর জলে (gachher tole chhaya achhe)

গাছের তলে ছায়া আছে সোঁত নদীর জলে —
সেই না সোঁতে এসো বন্ধু ব'স তরুতলে॥
রইবে না এ রূপ বন্ধু রইবে না এ কায়া,
অবেলাতে এলে বন্ধু পাবে না তো ছায়া।
রূপের কুসুম জলের কমল পড়বে জলে ঢলে রে (বন্ধু)॥
মালঞ্চে মোর একটি দুটি কুসুম ফোটে আজো,
সইরা আজো বলে সাঁঝে 
— বধূর বেশে সাজো।
মৌমাছিরা মধু নিয়ে গায়ে এলো ফিরে,
বধূর বেশে ফিরতে দেখি পড়শি বৌ-ঝিরে।
সিথিতে মোর রইল সিঁদুর, (কেউ) ডাকলো না বউ বলে॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।  ১৯৪০ খ্রিষ্টাব্দের ফেব্রুয়ারি (মাঘ-ফাল্গুন ১৩৪৬), এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪০ বৎসর ৮ মাস।
     
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ৬১৬।  তাল: কাহারবা। পৃষ্ঠা: ১৮৭।]
  • রেকর্ড: কাফনচোরা (রেকর্ড-নাটক)। নাট্যকার মন্মথ রায়। এইচএমভি। এন ১৭৪২০। শিল্পী: গোপাল সেন]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।