চম্‌'কে চম্‌'কে ধীর ভীরু পায় (chomke chomke dhir viru pay)

চম্‌'কে চম্‌'কে ধীর ভীরু পায়,
পল্লী-বালিকা বন-পথে যায় একেলা বন-পথে যায়॥
শাড়ি তার কাঁটা লতায়, জড়িয়ে জড়িয়ে যায়,
পাগল হাওয়াতে অঞ্চল ল'য়ে মাতে 
—
                    যেন তার তনুর পরশ চায়॥
শিরীষের পাতায় নূপুর, বাজে তার ঝুমুর ঝুমুর,
কুসুম ঝরিয়া মরিতে চাহে তাঁর কবরীতে,
                    পাখি গায় পাতার ঝরোকায়॥
চাহি' তা'র ঐ নয়নে, হরিণী লুকায় বনে,
হাতে তা'র কাঁকন হ'তে মাধবী লতা কাঁদে,
                    ভ্রমরা কুন্তলে লুকায়॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৩ খ্রিষ্টাব্দের ডিসেম্বর  (অগ্রহায়ণ-পৌষ ১৩৪০) মাসে, এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে এই গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৪ বৎসর ৬ মাস।
     
  • গ্রন্থ:
    • গীতি-শতদল।
      • প্রথম সংস্করণ [বৈশাখ ১৩৪১। এপ্রিল ১৯৩৪। গীতি-শতদল-২। আরবি (নৃত্যের) সুর-কার্ফা]
      • নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংকলন। পঞ্চম খণ্ড। বাংলা একাডেমী। ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১। গীতি-শতদল। গান সংখ্যা ২। আরবি (নৃত্যের) সুর-কার্ফা। পৃষ্ঠা ২৮৫-২৮৬]
  • রেকর্ড: এইচএমভি। [ডিসেম্বর ১৯৩৩ (অগ্রহায়ণ-পৌষ ১৩৪০)। এন ৭১৩৩ শিল্পী: মিস হরিমতী] [শ্রবণ নমুনা]
     
  • স্বরলিপি ও স্বরলিপিকার: আহসান মুর্শেদ  [নজরুল সঙ্গীত স্বরলিপি, ছাব্বিশ খণ্ড, নজরুল ইন্সটিটিউট, ঢাকা। আশ্বিন, ১৪১২ বঙ্গাব্দে /সেপ্টেম্বর ২০০৫ খ্রিষ্টাব্দ] সপ্তম গান। [নমুনা]
    • সুরকার: নজরুল ইসলাম
    • পর্যায়:
      • বিষয়াঙ্গ: প্রেম
      • সুরাঙ্গ: আরবীয় সুর
      • তাল: চতুর্মাত্রিক ছন্দ (২।২)
      • গ্রহস্বর: পা

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।