চির-কিশোর মুরলিধর কুঞ্জবন-চারী (chiro-kishor murolidhor kunjobon-chari)

চির-কিশোর মুরলিধর কুঞ্জবন-চারী।
গোপনারী-মনোহারী বামে রাধা প্যারী॥
শোভে শঙ্খ-চক্র-গদা-পদ্ম করে,
গোষ্ঠ-বিহারী কভু, কভু দানবারি॥
তমাল-তলে কভু কভু নীপ-বনে,
লুকোচুরি খেল হরি ব্রজ-বধূ সনে।
মধুকৈটভারি কংস-বিনাশন,
কভু কণ্ঠে গীতা, শিখী-পাখা-ধারী॥

  • ভাবসন্ধান: এই গানে শ্রীকৃষ্ণের পার্থিব লীলার মধ্য দিয়ে বিষ্ণুর দৈবসত্তার বন্দনা করা হয়েছে। বৈষ্ণবদের মতে কৃষ্ণ পূর্ণাবতার। তাই কৃষ্ণ আর বিষ্ণু অভিন্ন। এই গানে বিষ্ণু এবং কৃষ্ণের রূপ-বৈচিত্র্যের  মহিমা।

    তিনি কৃষ্ণরূপে- চির-কিশোর মুরলিধর কুঞ্জবন-চারী, তিনি গোপনারীদের মনোহরণকারী, যাঁর বামে অবস্থান করেন প্রেয়সীরূপিণী রাধা। তিনি গোপালক হয়ে গোষ্ঠে বিহার করেন, আবার কখনো দানবারি (দানবের অরি, দানবের শত্রু)  হয়ে আবির্ভূত হন। ব্রজের তাল-তমাল নীপ (কদম) বনে গোপবধূদের সাথে তিনি লীলায় মেতে ওঠেন। বিষ্ণুরূপেই তিনি- মধুকৈটভের শত্রু রূপে যুদ্ধে মেতে উঠেন। তিনি কংসকে বিনাশ করেন জগতের কল্যাণে। কুরু-পাণ্ডবের যুদ্ধের প্রারম্ভে তিনি গীতার পরমদর্শন দান করেন। আবার তিনিই শিরে ময়ুরের পাখা ধারণ করে হয়ে ওঠেন ব্রজলীলার প্রধান পুরুষ।

     
  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। গানটি গীতি-শতদল  সঙ্গীত সঙ্কলনের প্রথম সংস্করণ প্রকাশিত হয়েছিল ১৩৪১ বঙ্গাব্দের বৈশাখ (এপ্রিল ১৯৩৪) মাসে।  এই সময় নজরুলের বয়স ছিল ৩৪ বৎসর ১১ মাস।
     
  • গ্রন্থ:
    • গীতি-শতদল
      • প্রথম সংস্করণ [বৈশাখ ১৩৪১। এপ্রিল ১৯৩৪। সুরট মিশ্র-ঝাঁপতাল]।
      • নজরুল রচনাবলী, পঞ্চম খণ্ড [বাংলা একাডেমী। জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১। গীতি-শতদল। গান সংখ্যা ৫৪। সুরট মিশ্র-ঝাঁপতাল। পৃষ্ঠা ৩১৩]
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১২৯২। রাগ: সুরট মিশ্র, তাল: ঝাঁপতাল। পৃষ্ঠা ৩৯২]
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: ধর্মসঙ্গীত। বৈষ্ণবসঙ্গীত। বিষ্ণুবন্দনা
    • সুরাঙ্গ: ধ্রুপদাঙ্গ
    • রাগ: সুরট মিশ্র

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।