জগতের নাথ তুমি, তুমি প্রভু প্রেমময় (jogoter nath tumi, tumi provu premomoy)
জগতের নাথ তুমি, তুমি প্রভু প্রেমময়।
আমি জগতের বাহিরে নহি দেহ চরণে আশ্রয়॥
যাহাদের তরে আমি খাটিনু দিবস-রাতি,
(আমার্) যাবার বেলায় কেহ তাদের হ’ল না সাথের সাথি।
সম্পদ মোর পাঁচ ভূতে খায়, কর্ম কেবল সঙ্গে রয়॥
ভুলিয়া সংসার মোহে লই নাই তোমারি নাম ─
তরাতে এমন পাপী পাবে না হে ঘনশ্যাম।
শুনেছি তোমারে যদি কাঁদিয়া কেহ ডাকে ─
তুমি অমনি তারে কর ক্ষমা চরণে রাখ তাকে।
আমি সেই আশাতে এসেছি নাথ যদি তব কৃপা হয়॥
- ভাবসন্ধান: এই গানটিতে জগতের প্রেমময় শ্যামের বন্দনা করা হয়েছে। একই সাথে তিনি তাঁর কাছে আশ্রয় চেয়েছেন। তিনিই সকলার্থে আশ্রয়দাতা এবং চিরকল্যাণকর সাথি।
কবি তাঁর যাপিত জীবনের চলমান পথে যাঁদের জন্য অহর্নিশি শ্রম দিয়েছেন, তাঁর কেউ চির বিদায়ের সময় সাথি হয় নি। তাঁর সারা জীবনের অর্জিত সকল সম্পদ অন্যরা শুধু ভোগ করে মাত্র। তাঁর কর্মফল কেউ নেয় না, সেসব শেষ বিদায়ের বেলায় তাঁরই সঙ্গে যায়।
জীবন-সায়াহ্নে এসে কবি তাঁর পরম অনুতাপের সাথেবলেন- সংসারের মোহ মায়ায় ভুলে সারা জীবন পরমসত্তাকে স্মরণ করেন নাই। জীবনের শেষ বেলায় এসে তিনি অনুভব করেছেন এ সবই ছিল তাঁর পাপ। তাই শ্যামের কাছে আত্মসমপর্ণ করেছেন। লোকমুখে শুনেছেন তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করলে তিনি বিমুখ করেন না। সেই আশাতে কবি শ্যামের কৃপা পাওয়ার আশায় তাঁর শরণাগত হয়েছেন॥ - রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৬ খ্রিষ্টাব্দের অক্টোবর (আশ্বিন-কার্তিক ১৩৪৩) মাসে, টুইন রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করেছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৭ বৎসর ৪ মাস।
- গ্রন্থ:
- নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮। গান ৮৮৪। পৃষ্ঠা ২৭২]
- নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮। গান ৮৮৪। পৃষ্ঠা ২৭২]
- রেকর্ড: এইচএমভি [অক্টোবর ১৯৩৬ (আশ্বিন-কার্তিক ১৩৪৩)] এফটি ৪৬০৭। আশুতোষ মুখোপাধ্যায়
- সুরকার: কাজী নজরুল ইসলাম
- স্বরলিপি ও স্বরলিপিকার: আহসান মুর্শেদ [নজরুল সঙ্গীত স্বরলিপি সাতচল্লিশতম খণ্ড। কবি নজরুল ইন্সটিটিউট। ফাল্গুন ১৪২৫/ফেব্রুয়ারি ২০১৯] পৃষ্ঠা: ৪৫-৪৭। [নমুনা]
- পর্যায়
- বিষয়াঙ্গ: ধর্মসঙ্গীত সনাতন হিন্দুধর্ম, বৈষ্ণব। কৃষ্ণ। প্রার্থনা
- সুরাঙ্গ: ভজন
- তাল: কাহারবা
- গ্রহস্বর: ধ