ঝুলনের হিন্দোলা দোলে (jhuloner hindola dole)

ঝুলনের হিন্দোলা দোলে, আনন্দ-কিশোর কোলে,
ইন্দ্র-কিশোরী দোলে, মহাভাবে বিহ্বলা, দোলে দোলে।
ঝ্ম ঝম্ ঝম্ করে বাদল মেঘ বাদল মেঘ-বরণ ফুল-
ঝরে ধরার অঞ্জলি কেয়া-কদম্ব-বকুল।

সৃষ্টির যত চাঁদ আজ ঝুলনে, দলে দলে দোলে রাধাকৃষ্ণ সনে।
বৃন্দাবনে ভাব-বিলাসে দোলে প্রেম-ব্রজবাসী
পুব-হাওয়ায় শুনি সরলা গোপনীর তরল হাসি।
আধার নূপুর বাজে রুধির ধারায়,
হৃদি-যমুনায় হানে তাল, তরঙ্গ উতরোলা॥

  • ভাবসন্ধান: এই গানে ঝুলন উৎসবের আনন্দ, রাধাকৃষ্ণের প্রেমলীলা, বর্ষার প্রকৃতি এবং ভক্তের হৃদয়ে জাগ্রত প্রেমোচ্ছ্বাস—সব মিলিয়ে এক গভীর ভক্তিময় ও কাব্যময় পরিবেশে- ঝুলনের রূপচিত্র উপস্থাপিত হয়েছে।

    ঝুলন উৎসবের দোলনায় দুলছেন কৃষ্ণ ও রাধা। আনন্দরূপী কিশোর কৃষ্ণের কোলে দুলছেন রাধা, দুলছে তাঁদের প্রেম-ভাবাবেগ। চারদিকে বর্ষার জমে ওঠা মেঘের গর্জন ও বৃষ্টিধারা যেন এই দোল উৎসবের সঙ্গে সঙ্গত করে চলেছে। ঝুলনের এই মহোৎসবে কেয়া, কদম্ব ও বকুল ধরিত্রীকে অঞ্জলি দেওয়ার জন্য ঝরে পড়ছে। সমগ্র সৃষ্টির সকল সৌন্দর্য যেন এই ঝুলন উৎসবে এসে একীভূত হয়ে গেছে। সৃষ্টির অগনন চন্দ্র তার উজ্জ্বল রূপ নিয়ে নেমে এসেছে এই উৎসবে। তারাও দুলেছে রাধাকৃষ্ণের সঙ্গে দোলায়। বৃন্দাবনের জনপদবাসী প্রেম ও ভাবের আনন্দে এই লীলায় অংশ নিয়েছে নৃত্যানন্দে। পূর্ব হাওয়ায় সরল গোপীদের হাসির সুর ভেসে আসে উৎসবের অনুসঙ্গ হয়ে। প্রেমের আবেগে মানুষের অন্তর-নূপুরের ধ্বনি যেন রক্তের প্রবাহের সাথে ছন্দিত হয়। হৃদয়রূপী যমুনার তালতরঙ্গ যেন প্রেমের ছন্দে উত্তাল উদ্বেলিত হয়ে ওঠে ।

     
  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে জানা যায় না। ১৯৩৯ খ্রিষ্টাব্দের  ২৯ আগষ্ট  খ্রিষ্টাব্দ (মঙ্গলবার, ১২ ভাদ্র ১৩৪৬) কলকাতা বেতার থেকে প্রচারিত হয়েছিলে জগৎ ঘটকের রচিত 'ঝুলন' নামক গীতি-আলেখ্য। এই গীতি-আলেখ্যে নজরুলের রচিত এই গানটি ব্যবহৃত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪০ বৎসর ২ মাস।
     
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১৯০৩। পৃষ্ঠা: ৫৭৪]
  • বেতার
    •  'ঝুলন' (গীতি-আলেখ্য)। জগৎ ঘটক-কর্তৃক রচিত [২৯ আগষ্ট ১৯৩৯ খ্রিষ্টাব্দ (মঙ্গলবার, ১২ ভাদ্র ১৩৪৬)। কলকাতা বেতার কেন্দ্র-ক। সান্ধ্য অনুষ্ঠান। সন্ধ্যা ৭টা থেকে ৭.৫৯টা  সুর: কালিদাস গঙ্গোপাধ্যায়]
    • হিন্দোলা গীতানুষ্ঠান। কলকাতা বেতার কেন্দ্র-ক। সান্ধ্য অনুষ্ঠান। [১৩ আগষ্ট ১৯৪০ খ্রিষ্টাব্দ (মঙ্গলবার ২৮ শ্রাবণ ১৩৪৭)] সন্ধা: ৮.০০-৮.৩৯। সন্ধা: ৮.০০-৮.৪০। শিল্পী: শৈল দেবী
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: ধর্মসঙ্গীত। সনাতন হিন্দুধর্ম। বৈষ্ণব। ঝুলন-উৎসব

   সূত্র:

  • বেতারজগৎ। ১০শ বর্ষ, ১৬শ সংখ্যা। পৃষ্ঠা: ৬৩৭
  • বেতারজগৎ। ১১শ বর্ষ, ১৫শ সংখ্যা। পৃষ্ঠা: ৮৩৫
  • নজরুল সঙ্গীত নির্দেশিকা। ব্রহ্মমোহন ঠাকুর। কবি নজরুল ইনস্টিটিউট। জুন ২০১৮
  • The Indian-listener 1940, Vol V, No 15. page 1181

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।