তুমি রাজা, নহ শুধু দ্বারকার (tumi raja, noho shudhu dwarokar)
তুমি রাজা, নহ শুধু দ্বারকার,
ত্রিলোকের রাজা তুমি সম্রাট গ্রহ রবি শশী তারকার॥
ছিলে রাজা মথুরায়, রাজা ব্রজধামে;
শ্যাম, রাজা ছিলে তুমি কিশোরী বামে।
তুমি বনে রাজা, তুমি মনে রাজা
শিশু নটরাজ তুমি কোলে যশোদার॥
- ভাবার্থ: বরদাপ্রসন্ন দাশগুপ্তের নাটক 'সুভদ্রা'র নাটকের প্রেক্ষাপটে রচিত এই গানে শ্রীকৃষ্ণের সর্বব্যাপী মহিমা, লীলার বৈচিত্র্য এবং প্রেমময় রূপকে উপস্থাপন করা হয়েছে। এই গানে শ্রীকৃষ্ণ একাধারে জগতের সর্বশক্তিমান সম্রাট, আবার ভক্তের হৃদয়ের অন্তরঙ্গ প্রিয়জন। তিনি রাজা, প্রেমিক, বন্ধু ও স্নেহময় শিশু—সব রূপেই বিরাজমান। তাঁর লীলা অসীম এবং সর্বত্র বিস্তৃত।
বিষ্ণুর অবতার-রূপী কৃষ্ণ শুধু দ্বারকার রাজা নন; তিনি সমগ্র ত্রিভুবনের (স্বর্গ, মর্ত্য, পাতাল) অধিপতি। সূর্য (রবি), চন্দ্র (শশী) ও নক্ষত্রমণ্ডলীরও তিনি পরম নিয়ন্তা। কৃষ্ণ মথুরায় রাজা, আবার ব্রজধামেও তিনি সবার প্রিয় অধিপতি। তিনি ব্রজধামে ছিলেন কিশোরী রাধার পাশে প্রেমময় সত্তারূপে। এখানে তিনি প্রেমের রাজা, হৃদয়ের সম্রাট। আবার যশোদার কোলে শিশু নটারাজের লীলময় রূপে নটবর হয়ে ছিলেন। এ গানে কৃষ্ণ শুধু বাহ্য জগতেরই নন, বন-প্রকৃতি ও মানব-প্রকৃতির তথা সর্বত্র বিরাজমান।
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৫ খ্রিষ্টাব্দের ডিসেম্বর ১৯৩৫ (অগ্রহায়ণ-পৌষ ১৩৪২) মাসে, এইচএমভি থেকে বরদাপ্রসন্ন দাশগুপ্তের নাটক 'সুভদ্রা'র নাটক প্রকাশিত হয়েছিল। নাটকটিতে এই গানটি ব্যবহৃত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৬ বৎসর ৬ মাস।
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ, (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২)। ১৯১৯ সংখ্যক গান। পৃষ্ঠা: ৫৭৮।
- রেকর্ড:
- এইচএমভি [ডিসেম্বর ১৯৩৫ (অগ্রহায়ণ-পৌষ ১৩৪২)]। এন ৭৪৪৯। নাটিকা: সুভদ্রা। নাট্যকার: বরদাপ্রসন্ন দাশগুপ্ত। কৃষ্ণকুমারীদের গান
- টুইন [সেপ্টেম্বর ১৯৩৮ (ভাদ্র-আশ্বিন ১৩৪৫)। এফটি ১২৫৪৮। নাটিকা: পাণ্ডব গৌরব]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ধর্মসঙ্গীত। সনাতন হিন্দুধর্ম। কৃষ্ণ। বন্দনা