তোমার নামের মহিমা শ্রীহরি (tomar naamer mohima sreehori)
তোমার নামের মহিমা শ্রীহরি নাহি হয় যেন ম্লান।
তব নাম গেয়ে বেড়াই জগতে, সে নামের সম্মান
হরি নাহি হয় যেন ম্লান॥
তব নাম লয়ে করিব যে কাজ
হরি, তাহে যেন নাহি পাই লাজ
তোমার নামের দুদ বেচে যেন মদ নাহি করি পান॥
আমারে নরকে পাঠায়ো শ্রীহরি যদি অপরাধ করি,
তব নাম শু’নে ও নামের গুণে পাপী যায় যেন তরি’।
(যেন) মোর কর্মের দোষে, মাধব!
(কারও) অবিশ্বাস না আসে নামে তব
হরি মোরে মুচি ক’রো, শুচি হোক সবে শুনে তব নাম গান॥
- ভাবসন্ধান: এই গানটিতে উপস্থাপিত হয়েছে শ্রীহরির নামের মাহাত্ম্য, ভক্তের আত্মনিবেদন, নৈতিক সততা এবং মানবকল্যাণের এক গভীর ভক্তিমূলক ভাবনা। কোনো এক ভক্তের গভীর আত্মসমালোচনা, বিনয় এবং ঈশ্বরের নামের প্রতি অপরিসীম শ্রদ্ধা প্রকাশ পেয়েছে এই গানের মাধ্যমে। ভক্তের একান্ত প্রার্থনা হলো— তিনি যেন এমন কোনো কাজ না করেন, যার ফলে শ্রীহরির পবিত্র নামের মর্যাদা ক্ষুণ্ন হয়। তিনি যেন পৃথিবীতে শুধু তাঁর নামের মাহাত্ম্যের নামগান গেয়ে বেড়াতে পারেন এই তাঁর প্রার্থনা।
ভক্ত এখানে উপলব্ধি করেছেন যে, কেবল মুখে ঈশ্বরের নাম উচ্চারণ করাই যথেষ্ট নয়; সেই নামের মর্যাদা রক্ষা করার মতো জীবনযাপনও প্রয়োজন। তাই তিনি বলেন, প্রভুর নাম নিয়ে কোনো কাজ করতে গিয়ে যেন তাঁকে লজ্জিত হতে না হয়। “তোমার নামের দুধ বেচে যেন মদ নাহি করি পান”—এই চিত্রকল্পের মাধ্যমে বোঝানো হয়েছে, ধর্ম বা ভক্তির আড়ালে যেন তিনি অসৎ বা স্বার্থপরের মতো কাজ না করেন। অর্থাৎ ঈশ্বরের নামকে ব্যবহার করে পার্থিব ভোগ বা অন্যায় লাভের পথ তিনি গ্রহণ করতে চান না।
গানে ভক্তের বিনয় আরও গভীরভাবে প্রকাশ পেয়েছে শেষাংশে। তিনি বলেন, নিজের অপরাধের জন্য তাঁকে নরকে পাঠানো হলেও তাঁর আপত্তি নেই; কিন্তু তাঁর আচরণের কারণে যেন কারও মনে শ্রীহরিমের মাহাত্ম্যে অবিশ্বাস সৃষ্টি না হয়। তিনি কামনা, প্রভুর নামের গুণে সকল পাপী মানুষ মুক্তির পথ খুঁজে পাক। নিজের সামাজিক অবস্থান বা পরিচয়ের অহংকার না রেখে তিনি বলেন—প্রভু চাইলে তাঁকে ‘মুচি’ করেও রাখতে পারেন, কিন্তু তাঁর নামগান শুনে যেন সকলের মন পবিত্র হয়ে ওঠে।
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ, [নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১৯২৫ গান। পৃষ্ঠা: ৫৮০।
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ধর্মসঙ্গীত। সনাতন হিন্দুধর্ম। বৈষ্ণব। শ্রীহরি। প্রার্থনা