তোমারি প্রকাশ মহান, রে নিখিল দুনিয়া জাহান্! (tomari prokash mohan, re nikhil duniya jahan)

তোমারি প্রকাশ মহান, রে নিখিল দুনিয়া জাহান্!
তোমারি জ্যোতিতে রওশন্ নিশিদিন জমিন ও আস্মান্॥
নিভিল কোটি তপন চাঁদ তোমারে খুঁজিয়া প্রভু,
কত দাউদ ঈশা মুসা করিল তব জয়গান॥
তোমারে কত নামে হায় ডাকিছে বিশ্ব শিশুর প্রায়,
কত নাজে পূজে তোমায় ফেরেশতা হুর পরী ইনসান্॥

  • ভাবসন্ধান:  এই গানে কবি নানা রূপক ও চিত্রকল্পের মাধ্যমে সর্বশক্তিমান আল্লাহর মহিমা ও বন্দনা প্রকাশ করেছেন। কবির বিশ্বাস, তাঁরই নূর বা জ্যোতিতে সমগ্র পৃথিবী ও মহাকাশ দিনরাত আলোকিত ও উদ্ভাসিত। বিশ্বজগতের সকল সৌন্দর্য, শৃঙ্খলা ও অস্তিত্ব তাঁরই প্রকাশ।

    কবি রূপকার্থে বলেছেন, অসংখ্য সূর্য ও চন্দ্র যুগ যুগ ধরে তাঁর অসীম মহিমার সন্ধান করে চলেছে। কিন্তু সীমাবদ্ধ সৃষ্টির পক্ষে অসীম স্রষ্টার পূর্ণ পরিচয় লাভ করা সম্ভব নয়। তাই কোটি কোটি সূর্য-চন্দ্রের আলোও তাঁর মহিমার তুলনায় ম্লান।

    মহান আল্লাহর বাণীবাহক নবীগণ, যেমন দাউদ, ঈসা এবং মুসা, যুগে যুগে তাঁরই মহত্ত্ব ও গৌরবের বাণী প্রচার করেছেন। পৃথিবীর বিভিন্ন জাতি, ধর্ম ও ভাষার মানুষ ভিন্ন ভিন্ন নামে স্রষ্টাকে আহ্বান করলেও তাঁদের উপাস্যের মূল সত্তা এক ও অভিন্ন। ফেরেশতা, হুর, পরী এবং মানুষসহ সমগ্র সৃষ্টিজগৎ শ্রদ্ধা, প্রেম ও ভক্তিভরে সেই মহান স্রষ্টারই ইবাদত ও বন্দনায় নিয়োজিত।

     
  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। এইচএমভি কোম্পানির সাথে নজরুলের গান রেকর্ডের একটি চুক্তি হয়েছিল ১৯৩৩ খ্রিষ্টাব্দের ২৯ মে (বৈশাখ-জ্যৈষ্ঠ ১৩৪০) তারিখে। এই চুক্তিতে গানটি ছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৩ বৎসর ১০-১১ মাস।
     
  • গ্রন্থ:
    • গুলবাগিচা
      • প্রথম সংস্করণ [১৩ আষাঢ় ১৩৪০, ২৭ জুন ১৯৩৩। দেশী টোড়ি মিশ্র-কার্ফা। পৃষ্ঠা: ১০৮]
      • নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংকলন। পঞ্চম খণ্ড। বাংলা একাডেমী। ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১।  গুল-বাগিচা। গান সংখ্যা ৮৭। দেশী টোড়ি মিশ্র-কার্ফা।  পৃষ্ঠা ২৭৯]
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১৪৮৪।  রাগ: দেশি টোড়ি মিশ্র, তাল: কাহার্‌বা। পৃষ্ঠা: ৪৪৬।]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।