নয়নে নিদ নাহি (noyone nid nahi)

নয়নে নিদ নাহি।
নিশীথ প্রহর জাগি, একাকিনী গান গাহি॥
কোথা তুমি কোন্ দূরে, ফিরিয়া কি আসিবে না,
তোমার সাজানো বনে ফুটিয়া ঝরিল হেনা 
—
কত আর মালা গাঁথি, কত আর পথ চাহি॥
কত আশা অনুরাগে হৃদয় দেউলে রেখে
পুজিনু তোমারে পাষাণ, কাঁদিলাম ডেকে ডেকে।
এসো অভিমানী ফিরে নিরাশার এ তিমিরে
                         চাঁদের তরণী বাহি'॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৮ খ্রিষ্টাব্দের মার্চ (ফাল্গুন-চৈত্র ১৩৪৪) মাসে এচএমভি রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৮ বৎসর ৯ মাস।
  • রেকর্ড: এইচএমভি [মার্চ ১৯৩৮ (ফাল্গুন-চৈত্র ১৩৪৪)। নম্বর ১৭০৪৮। শিল্পী: বীণাপাণি দেবী (মধুপুর)] [ [শ্রবণ নমুনা]
     
  • স্বরলিপি ও স্বরলিপিকার: নীলিমা দাস। [নজরুল সঙ্গীত স্বরলিপি, ঊনত্রিশতম খণ্ড,  নজরুল ইন্সটিটিউট, ঢাকা। শ্রাবণ ১৪১৩/আগষ্ট ২০০৬] ১৭ সংখ্যক গান। বীণাপাণি দেবী-র রেকর্ডে গাওয়া গান অনুসারে স্বরলিপি করা হয়েছে।  [নমুনা]
     
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: প্রেম
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।