নাহি ভয় নাহি ভয় মৃত্যুসাগর মন্থন শেষ, আসে মৃত্যুঞ্জয় (nahi bhoy nahi bhoy)

নাহি ভয় নাহি ভয় ।
মৃত্যুসাগর মন্থন শেষ, আসে মৃত্যুঞ্জয়॥
কৃষ্ণাতিথির তিমির হরণ
আসিল কৃষ্ণ তিমির বরণ,

জয় হে জ্যোতির্ময়॥
দলিত হৃদয়-শতদলে তাঁর
আঁখি-জল-ঘেরা আসন বিথার।
ব্যথা-বিহারীরে দেখিবি কে আয়,
ধ্বংসের মাঝে শঙ্খ বাজায়,
নিখিলের হৃদি বেদনা-আভায়-
নবীন অভ্যুদয়॥

  • ভাবসন্ধান: ঘোর পাপ-পঙ্কিল থেকে শুভ্র সুন্দর জগতের অভ্যুদয়কারী কৃষ্ণের বন্দনা করা হয়েছে এই গানে। যেমন সাগর মন্থন শেষে অমৃতহাতে মৃত্যুঞ্জয়রূপী ধন্বন্তরী উত্থিত হয়েছিল, তেমনি কৃষ্ণের আবির্ভাব ঘটেছিল কংসের ঘোরতর অত্যাচার থেকে সাধারণ মানুষকে উদ্ধার করার জন্য। কবি,  সেই অভয়দানকারী কৃষ্ণের জয়গান করেছেন এই গানে।

    অন্তরাতে, কৃষ্ণের আগমন রূপকতার মধ্য দিয়ে উপস্থাপন করেছেন। কৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন ঝঞ্ছাবিক্ষুব্ধ অন্ধকার রাত্রিতে। তাঁর গাত্রবর্ণ কালো। কিন্তু তিনি আবির্ভূত হয়েছিলেন সকল কৃষ্ণকালিমকে অপরহণ করে জ্যোতির্ময় হয়ে। কবি এই জ্যোতির্ময় অবতারে জয়গান গেয়েছেন।

    সঞ্চারী ও আভোগে কবি কৃষ্ণের দুঃখমোচানকারী শুভ শক্তি হিসেবে উপস্থাপন করেছে। কংসের অত্যাচারে জগত-সংসারের বেদনা তাঁর হৃদয়কে করেয়েছে ব্যথাতুর, বেদনা অশ্রুতে সিক্ত হয়েছে তাঁর বিশ্বাসন। তারই ভিতরে বেদনা-বিহারী হিসেবে কৃষ্ণ এসেছিলেন সকল দুঃখ মোচনের জন্য। ধ্বংসের মাঝে তিনি কল্যাণের শঙ্খ বাজিয়েছেন। বিশ্বের মর্মস্থলে ধ্বংসের বেদনার ভিতর দিয়ে শুভ্র-সুন্দর নতুন অভ্যুদয় ঘটে কৃষ্ণের আগমনে, তাঁরই ঘোষক হিসেবে সকলকে কবি এই গানের মধ্য দিয়ে কৃষ্ণের জয়গান করার আহ্বান করেছেন সগৌরবে।

     
  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে বিস্তারিত জানা যায় না। ১৯৩০ খ্রিষ্টাব্দের ২৪শে ডিসেম্বর (বুধবার ৯ পৌষ ১৩৩৭), মন্মথ রায় রচিত 'কারাগার' নাটকটি মঞ্চস্থ হয়েছিল 'মনোমোহন থিয়েটারে। এই নাটকে গানটি ব্যবহৃত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩১ বৎসর ৬ মাস।
     
  • গ্রন্থ:
    • কারাগার।
      • মন্মথ রায়-কর্তৃক রচিত নাটক। [১৩৩০ খ্রিষ্টাব্দের ২৪শে ডিসেম্বর মঞ্চস্থ হয়েছি। চতুর্থ অঙ্ক। চার। ধরিত্রীর গান।]
      • মন্মথ রায় নাট্যগ্রন্থাবলী দ্বিতীয় খণ্ড [জগদ্ধাত্রী পূজা ১৩৫৮। ২৫শে নভেম্বর ১৯৫১। কারাগার। চতুর্থ অঙ্ক। চার। ধরিত্রীর গান। ]
    • চন্দ্রবিন্দু
      • প্রথম সংস্করণ [সেপ্টেম্বর ১৯৩১, আশ্বিন ১৩৩৮ বঙ্গাব্দ।]
      • নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ, চতুর্থ খণ্ড [জ্যৈষ্ঠ ১৪১৮, মে ২০১১। চন্দ্রবিন্দু। ১৫। টোড়ি-একতালা। পৃষ্ঠা: ১৭১]
    • নজরুলের হারানো গানের খাতা [নজরুল ইনস্টিটিউট, ঢাকা। আষাঢ় ১৪০৪/জুন ১৯৯৭। গান সংখ্যা ১৯। for Dhiren Ghatak (HMV) । ভজন। পৃষ্ঠা ৪৫]
       
  • পত্রিকা: জয়তী [পৌষ-মাঘ ১৩৩৭ সংখ্যা (ডিসেম্বর ১৯৩৭-ফেব্রুয়ারি ১৯৩৮)। মন্মথ রায় রচিত কারাগার নাটক]
  • পর্যায়
    • বিষয়াঙ্গ: ধর্মসঙ্গীত। সনাতন হিন্দুধর্ম। বৈষ্ণব। কৃষ্ণ। বন্দনা

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।