মওলা আমার সালাম হল এ সংসারের কাজ

মওলা আমার সালাম হল এ সংসারের কাজে।
দ্বীন-দুনিয়ার দুই কাজে মোর থেকো হিয়ার মাঝে॥
কাজা ক’রে নামাজ রোজা
না বই যেন পাপের বোঝা,
দুনিয়াদারী ভুলে যেন দহি’ দুঃখ-লাজে॥
সঞ্চিত দৌলতের কিছু দান জাকাতে যেন ফের,
দান ক’রে মোর সব না হারাই, শক্তি রেখো দানে।

কোরান হ’তে নীতি নিয়ে
কাজে যেন দেই বিলিয়ে,
যে কাবার পথে হই বিবাগী মোসাফিরের সাজে॥

  • ভাবসন্ধান: গানটির মূলভাব হলো—সংসার ও ধর্মের মধ্যে ভারসাম্য রক্ষা করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের আন্তরিক প্রার্থনা। কবি চান, তাঁর ইবাদত হোক আন্তরিক, উপার্জন হোক হালাল, সম্পদের ব্যবহার হোক ন্যায়সঙ্গত, কোরআনের আদর্শ হোক তাঁর জীবনের পথনির্দেশ এবং সমগ্র জীবন হোক আল্লাহর পথে চলার এক অবিচ্ছিন্ন সাধনা।

    এই গানে কবি আল্লাহর কাছে বিনীত প্রার্থনা করেছেন, যেন সংসারের নানাবিধ কর্মব্যস্ততার মধ্যেও তিনি কখনো আল্লাহর স্মরণ ও ধর্মীয় আদর্শ থেকে বিচ্যুত না হন। তাঁর কামনা—পার্থিব জীবন ও ধর্মীয় জীবনের মধ্যে যেন   সামঞ্জস্য বজায় থাকে এবং আল্লাহ সর্বদা তাঁর হৃদয়ে বিরাজ করেন। কবি মনে করেন- সংসারের কাজকর্মে নিমগ্ন থাকলেও তিনি তাঁর অন্তরে সদা বিরাজমান । আল্লাহর কাছে এমন অনুগ্রহ  চান, যাতে তাঁর নামাজ, রোজা ও অন্যান্য ইবাদত কেবল বাহ্যিক আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থাকে কিংবা পরে কাজা (অবহেলার কারণে আদায়ের সময় পেরিয়ে যাওয়া) করতে না হয় এবং তাঁর কর্মজীবন যেন পাপের বোঝায় ভারাক্রান্ত না হয়। পার্থিব লোভ-লালসা ও দুনিয়াদারির মোহে পড়ে আমি যেন ধর্মবোধ, লজ্জা ও আত্মসম্মান হারিয়ে না ফেলেন।

    এরপর কবি সম্পদের সঠিক ব্যবহারের প্রসঙ্গ তুলে ধরেন। তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেন, তাঁর উপার্জিত সম্পদ থেকে যেন যথাযথভাবে জাকাত ও দান-খয়রাত করতে পারেন। একই সঙ্গে তিনি প্রার্থনা করেন, দান করতে গিয়ে যেন এমন অবস্থা না হয় যে নিজের ও পরিবারের প্রয়োজনীয় দায়িত্ব পালনের সামর্থ্যই হারিয়ে ফেলেন। অর্থাৎ তিনি ইসলামের মধ্যপন্থা, দায়িত্ববোধ এবং ভারসাম্যের শিক্ষা অনুসরণ করতে চান।

    গানের শেষাংশে  কবি বলেন, তিনি কোরআনের নীতি ও আদর্শকে কেবল মুখে নয়, বাস্তব জীবনের প্রতিটি কাজে প্রয়োগ করতে চান। তাঁর চরিত্র, আচরণ ও কর্ম যেন কোরআনের শিক্ষার প্রতিফলন হয়। পাশাপাশি তিনি এমন জীবন কামনা করেন, যা তাঁকে কাবার পথে যাত্রাকারী এক বিনম্র মুসাফিরের মতো আল্লাহমুখী, সংযমী ও আত্মনিবেদিত করে তোলে।  
  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। 
     
  • গ্রন্থ:  নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইন্সটিটিউট, মাঘ, ১৪১৭/ফেব্রুয়ারি, ২০১৪)। গান সংখ্যা ১৬৫২। পৃষ্ঠা: ৪৯৩-৪৯৪।
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: ধর্মসঙ্গীত। ইসলাম। হামদ। প্রার্থনা

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।