কেন উচাটন মন পরান এমন করে (keno uchaton mon poran emon kore)

কেন উচাটন মন পরান এমন করে।
কেন কাঁদে গো বধূ বঁধুর বুকে বাসরে॥
            কেন মিলন-রাতে
            সলিল আঁখি-পাতে,
কেন ফাগুন-প্রাতে সহসা বাদল ঝরে॥
            ডাকিলে অনুরাগে
            কেন বিদায় মাগে,
(কেন) মরিতে সাধ জাগে 
─ পিয়ার বুকের 'পরে॥
            ডাকিয়া ফুলবনে
            থাকে সে আনমনে,
কাঁদায়ে নিরজনে 
─ কাঁদে সে নিজের১ তরে॥
    কবি,  তোরে কে কবে
            সাধিল বেণুর রবে ,
ধরিতে গেলি যবে 
─ বিঁধিল কুসুম-শরে॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৩৩৫ বঙ্গাব্দের কার্তিক (নভেম্বর ১৯২৮) মাসে প্রকাশিত 'বুলবুল' নামক সঙ্গীত-সংকলনে প্রথম অন্তর্ভুক্ত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ২৯ বৎসর ৫ মাস।
  • গ্রন্থ
    • বুলবুল
      • প্রথম সংস্করণ [কার্তিক ১৩৩৫ (নভেম্বর ১৯২৮) গান ২৪। বেহাগ-খাম্বাজ-দাদরা]
      • নজরুল-রচনাবলী, দ্বিতীয় খণ্ড [বাংলা একাডেমী, ফাল্গুন ১৪১৩। ফেব্রুয়ারি ২০০৭। বুলবুল। গান ২৪। বেহাগ-খাম্বাজ-দাদরা। পৃষ্ঠা: ১৭০]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।