মেঘ-মেদুর গগন কাঁদে হুতাশ পবন (megh medur gogon kade hutash pobon)

মেঘ-মেদুর গগন কাঁদে হুতাশ পবন
কে বিরহী রহি
' রহি' দ্বারে আঘাত হানো।
শাওন ঘন ঘোর ঝরিছে বারি অঝোর
কাঁপিছে কুটির মোর দীপ নেভানো
॥
বজ্রে বাজিয়া ওঠে তব সঙ্গীত,
বিদ্যুতে ঝলকিছে আঁখি-ইঙ্গিত,
চাঁচর  চিকুরে তব ঝড় দুলানো, ওগো মন ভুলানো
॥
এক হাতে, সুন্দর, কুসুম ফোটাও!
আর হাতে নিষ্ঠুর মুকুল ঝরাও।
হে পথিক, তব সুর অশান্ত বায়
জন্মান্তর হতে যেন ভেসে আসে হায়!
বিজড়িত তব স্মৃতি চেনা অচেনায় প্রাণ কাঁদানো
॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৩৪১ বঙ্গাব্দের আশ্বিন (সেপ্টেম্বর-অক্টোবর ১৯৩৪) মাসে গানটি গানের মালা প্রথম সংস্করণে অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৫ বৎসর ৪ মাস।
     
  • গ্রন্থ: গানের মালা। প্রথম সংস্করণ আশ্বিন ১৩৪১ বঙ্গাব্দ (সেপ্টেম্বর-অক্টোবর ১৯৩৪ খ্রিষ্টাব্দ)। গানের মালা-৩১। পিলু-বারোয়াঁ-কার্ফা]
  • রেকর্ড:
    • এইচএমভি [জুলাই ১৯৩৫ (আষাঢ়-শ্রাবণ ১৩৪২)। এন ৭৩৮৮। শিল্পী: মিস্ অণিমা (বাদল)।] [শ্রবণ নমুন] [মাসুদা আনাম কল্পনা(শ্রবণ নমুনা)]
    • এইচএমভি [এপ্রিল ১৯৫০ (চৈত্র ১৩৫৬-বৈশাখ ১৩৫১)। এন ৩১১৮৪। শিল্পী: মনোরঞ্জন চৌধুরী। সুরকার:]
  • সুরকার:  নজরুল ইসলাম
  • স্বরলিপিকার ও স্বরলিপি: রশিদুন্ নবী [নজরুল-সঙ্গীত স্বরলিপি, ষোড়শ খণ্ড। প্রথম সংস্করণ। নজরুল ইন্সটিটিউট আশ্বিন ১৪০৪/অক্টোবর ১৯৯৩। ১৭ সংখ্যক গান। রেকর্ডে মিস্ অণিমা (বাদল)-এর গাওয়া গানের সুরানুসারে স্বরলিপি করা হয়েছে] [নমুনা]
     
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: প্রকৃতি ও ভক্তি
    • সুরাঙ্গ: রাগাশ্রয়ী [স্বকীয় বৈশিষ্ট্য]
      • রাগ: পিলু-বারোয়াঁ
      • তাল: কাহারবা
      • গ্রহস্বর: মপা

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।