রাস-মঞ্চে দোল-দোল লাগে রে, জাগে ঘূর্ণি-নৃত্যের দোল

রাস-মঞ্চে দোল-দোল লাগে রে, জাগে ঘূর্ণি-নৃত্যের দোল।
আজি রাস-নৃত্য নিরাশ চিত্ত জাগো রে,
চল যুগলে যুগলে বন-ভবনে 
—
আনো নিথর হেমন্ত হিম পবনে চঞ্চল হিল্লোল॥
শতরূপে প্রকাশ আজি শ্রী হরি,
শত দিকে শত সুরে বাজে বাঁশরি 
—
সকল গোপিনী আজি রাই কিশোরী, —
যাবে তৃষ্ণা, পাবে কৃষ্ণের কোল॥
তরল তাল ছন্দ-দুলাল নন্দ-দুলাল নাচে রে,
অপরূপ রঙ্গে নৃত্য-বিভঙ্গে অঙ্গের পরশ যাচে রে;
মানস-গঙ্গা অধীর-তরঙ্গা প্রেমের-যমুনা হ'ল রে উতরোল॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৪ খ্রিষ্টাব্দের ২৩শে নভেম্বর কলকাতার নাট্যনিকেতন মঞ্চে  মনোরঞ্জন ভট্টাচার্য-এর ' চক্রব্যুহ' মঞ্চস্থ হয়। এই নাটকের জন্য নজরুল এই গানটি-সহ আরও কয়েকটি গান রচনা করেছিলেন। এই সময় নজরুলের বয়স ছিল ৩৫ বৎসর ৬ মাস।
     
  • গ্রন্থ:
    • চক্রব্যুহ (নাটক)। মনোরঞ্জন ভট্টাচার্য। ভট্টাচার্য সন্‌স্‌ লিমিটেড। দ্বিতীয় অঙ্ক, প্রথম দৃশ্য। রাসনৃত্য পৃষ্ঠা: ৯১, ৯২।
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২৩১৯। গান সংখ্যা ৬৭২। পৃষ্ঠা: ২০৪-২০৫]
    • নজরুলের হারানো গানের খাতা [নজরুল ইনস্টিটিউট, ঢাকা। আষাঢ় ১৪০৪/জুন ১৯৯৭। গান সংখ্যা ১০৪। রাস (চক্রব্যূহ)। পৃষ্ঠা ১৩১।]
  • মঞ্চ:
    • চক্রব্যূহ (নাটক)। নাট্যকার মনোরঞ্জন ভট্টাচার্য। [মঞ্চস্থ: নাট্যনিকেতন। ২৩ নভেম্বর ১৯৩৪ (শুক্রবার ৭ নভেম্বর ১৩৪১)। সমবেত গান।]
  • রেকর্ড:
    • এইচএমভি।  [অক্টোবর ১৯৩৫ (আশ্বিন-কার্তিক ১৩৪৫)। এন ৭৪১৮। শিল্পী: মিস হরিমতী]
       
  • স্বরলিপি ও স্বরলিপিকার: ড. রশিদুন্ নবী। নজরুল -সংগীত স্বরলিপি (৩৯তম খণ্ড)। নজরুল ইন্সটিটিউট। ঢাকা। জ্যৈষ্ঠ ১৪২৩/জুন ২০১৬। গান সংখ্যা ১১। পৃষ্ঠা: ৬০-৬২ [নমুনা]
     
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: ভক্তি [সনাতন হিন্দু ধর্ম, বৈষ্ণব]
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্যের সুর
    • তাল: কাহারবা
    • গ্রহস্বর: রস

 

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।