জাগো জাগো শঙ্খ-চক্র-গদা-পদ্ম-ধারী

জাগো জাগো শঙ্খ-চক্র-গদা-পদ্ম-ধারী।
কাঁদে ধরিত্রী নিপীড়িতা, কাঁদে ভয়ার্ত নরনারী॥
        আনো আরবার ন্যায়ের দণ্ড
        দৈত্য-ত্রাসন ভীম প্রচণ্ড,
অসুর-বিনাশী উদ্যত আসি ধর ধর দানবারি॥
        ঐ বাজে তব আরতি বোধন,
        কোটি অসহায় কণ্ঠে রোদন!
        ব্যথিত হৃদয়ে ফেলিয়া চরণ
        বেদনা-বিহারী এসো নারায়ণ,
রুদ্ধ কারার অন্ধ প্রাকার-বন্ধন অপসারি'॥

  • ভাবসন্ধান: এটি মন্মথ রায়ের কারাগার নাটকের ধরিত্রীর গান হিসেবে ব্যবহৃত হয়েছে। জাগরণমূলক এই গানে অন্যায়, অত্যাচার, দানবীয় শক্তির বিরুদ্ধে বিষ্ণুর অবতার কৃষ্ণের রূপে জেগে ওঠার আহ্বান করা হয়েছে-, ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে। একই সাথে পীড়িত মানুষকে রক্ষা করার আকুল প্রার্থনা ধ্বনিত হয়েছে। এতে রয়েছে ভক্তি, বিদ্রোহের সুর এবং সামাজিক-রাজনৈতিক অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধের আহবান।

    এই গানের শুরুতে অত্যাচারে নিপীড়িত হয়ে কাঁদছে, ভয়ার্ত মানুষের আর্তনাদ থেকে মুক্তির জন্য  শঙ্খ-চক্র-গদা-পদ্ম-ধারী বিষ্ণুকে আহ্বান করা হয়েছে।

    দূরঅতীতে বিষ্ণু যেমন-  বিষ্ণু অসুর-বিনাশী হয়ে উদ্যত তলোয়ার হাতে দানবদের ধ্বংস করেছেন- তেমনি ন্যায়ের দণ্ড হাতে 'দৈত্য-ত্রাসন ভীম প্রচণ্ড' রূপে আবির্ভূত হওয়ার জন্য বিষ্ণুকে আহ্বান করা হয়েছে এই গানের অন্তরাতে।

    সঞ্চারিতে নিপীড়িত মানুষের দৃশ্য উপস্থাপনের সাথে সাথে বিষ্ণুকে আহ্ববান করা হয়েছে- বেদনা দূরকারী (বেদনা-বিহারী) হিসেবে। কারণ বিষ্ণুর আরতি (পূজা-আহ্বান) বাজছে, কোটি কোটি অসহায় মানুষের আর্তনাদ।  সে সকল ব্যথিত মানুষের বেদনাকে হৃদয়ে ধারণ করে তিনি আসুন- অত্যাচার ও দাসত্বের অবরুদ্ধ দশা তথা বেদনার কারাগারের অন্ধকার প্রাচীর ভেঙে মানুষের মুক্তি দেওয়ার জন্য। 

     
  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে বিস্তারিত জানা যায় না। ১৯৩০ খ্রিষ্টাব্দের ২৪শে ডিসেম্বর (বুধবার ৯ পৌষ ১৩৩৭), মন্মথ রায় রচিত 'কারাগার' নাটকটি মঞ্চস্থ হয়েছিল 'মনোমোহন থিয়েটারে। এই নাটকে গানটি ব্যবহৃত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩১ বৎসর ৬ মাস।
     
  • মঞ্চ:
  • গ্রন্থ:
    • কারাগার। মন্মথ রায় নাট্যগ্রন্থাবলী দ্বিতীয় খণ্ড [জগদ্ধাত্রী পূজা ১৩৫৮। ২৫শে নভেম্বর ১৯৫১। প্রস্তাবনা]
    • চন্দ্রবিন্দু
      • প্রথম সংস্করণ [সেপ্টেম্বর ১৯৩১, আশ্বিন ১৩৩৮ বঙ্গাব্দ।]
      • নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ, চতুর্থ খণ্ড [জ্যৈষ্ঠ ১৪১৮, মে ২০১১। চন্দ্রবিন্দু। ১০। বাগেশ্রী-চৌতাল পৃষ্ঠা: ১৬৮]
      • নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১৪০১। রাগ: ভৈরবী, তাল: কাহারবা]
        ​​​​​​
  • স্বরলিপি ও স্বরলিপিকার:
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: ধর্মসঙ্গীত। সনাতন হিন্দুধর্ম। বৈষ্ণব। প্রার্থনা
    • সুরাঙ্গ: রাগাশ্রয়ী

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।