জাগো হে রুদ্র, জাগো রুদ্রাণী (jago he rudro, jago rudrani)

জাগো হে রুদ্র, জাগো রুদ্রাণী,
কাঁদে ধরা দুখ-জরজর!
জাগো গৌরী, জাগো হর॥
আজি শস্য-শ্যামা তোদের বন্যা
অন্নবস্ত্র হীনা অরণ্যা
সপ্ত সাগর অশ্রু-বন্যা,
কাঁপিছে বুখ থর থর॥
আর সহিতে পারি না অত্যাচার,
লহ এ অসহ ধরার ভার।
গ্রাসিল বিশ্ব লোভ-দানব,
হা হা স্বরে কাঁদিছে মানব,
জাগো ভৈরবী জাগো ভৈরব
ত্রিশূল খড়গ ধর ধর॥

  • ভাবার্থ: জনপদবাসীর কল্যাণের জন্য রুদ্র (শিব) এবং রুদ্রাণীর (দুর্গার) কাছে কবির প্রার্থনা-মূলক নিবেদন এই গানটির মধ্য দিয়ে উপস্থাপিত হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ ও লোভী অত্যাচারীর যুগপৎ আঘাতে ধরাতল আজ দুঃখ-ভারাক্রান্ত। এর প্রতিকারের জন্যই  রুদ্র (হর, শিব) ও রুদ্রাণীর (গৌরী, দুর্গা) অকালবোধনের জন্য এই আহ্বান।

    অন্তরাতে কবি উল্লেখ করেছেন- প্রাকৃতিক দুর্যোগের কারণে বিপর্যস্ত পৃথিবীর দুর্দশার কথা। বন্যায় প্লাবিত শস্যক্ষেত্র, এরই অভিঘাতে সপ্তসাগর-সম দুঃখ-কাতর মানুষের যাপিত-জীবন অশ্রুজলে প্লাবিত। অজানিত আশঙ্কায় বিশ্বজন আজ কম্পিত। এর প্রতিকারের জন্যই কবির রুদ্র ও রুদ্রাণীর কাছে প্রার্থনা।

    সঞ্চারী ও আভোগে কবি উপস্থাপন করেছেন লোভী-দানবের গ্রাসে  নিপতিত বিশ্বের কথা। একই সাথে তিনি লোভী অত্যাচারী মানুষরূপী দানবকে দমন করে, অসহ অত্যাচারের প্রতিকারের জন্য রুদ্র ও রুদ্রাণীর কাছে কবি একান্ত নিবেদন রেখেছেন।  মানুষের ক্রন্দিত হাহাকার ধ্বনিতে জগৎ আচ্ছন্ন। কবি কামনা করেছেন অসুরনাসী শিবের ত্রিশূল এবং দুর্গার খড়্‌গের আঘাতে মানবরূপী দানবের বিনাশ এবং এর মধ্য দিয়ে জগতে কল্যাণ প্রতিষ্ঠা হোক, কবির এটাই একমাত্র প্রত্যাশা।
     
  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে জানা যায় না। ১৯৩০ খ্রিষ্টাব্দে আগষ্ট (শ্রাবণ ১৩৩৭) মাসে প্রকাশিত হয়েছিল 'প্রলয় শিখা' নামক কবিতা ও গানের গ্রন্থ। গ্রন্থটিতে এই গানটি প্রথম অন্তর্ভুক্ত হয়েছিল। এই  সময় নজরুলের বয়স ছিল ৩১ বৎসর ২ মাস।
     
  • গ্রন্থ:
    • প্রলয় শিখা
      • প্রথম সংস্করণ [আগষ্ট ১৯৩০, ১৩৩৭ বঙ্গাব্দ।  গান (যোগিয়া-টোড়ি-একতালা)]
      • নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ। চতুর্থ খণ্ড [বাংলা একাডেমী, ঢাকা মে ২০১১।  প্রলায় শিখা। গান (যোগিয়া-টোড়ি-একতালা)। পৃষ্ঠা: ১০৬]
    • নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ১৯০১। গান ৫৭৩। পৃষ্ঠা ১৫]
  • পর্যায়:

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।