থাক্ এ গৃহ ঘিরিয়া সদা (thak e griho ghiriya soda)
থাক্ এ গৃহ ঘিরিয়া সদা মঙ্গল কল্যাণ হে ভগবান।
দাও পুত পবিত্রতা প্রশান্তি অফুরান, হে ভগবান॥
অন্তরে দেহে দাও বিমল্-জ্যোতি
কর্মে প্রেরণা দাও ধর্মে মতি;
এ গৃহের নারী হোক পুণ্যবতী
বীরত্বে ত্যাগে হোক পুরুষ মহান ; হে ভগবান॥
এ গৃহের বারি হোক নির্মল সুশীতল হে ভগবান,
এ গৃহের আলো হোক পুণ্যে সমুজ্জ্বল হে ভগবান।
সকলের সাথে হেথা প্রীতি যেন রয়
যেন নাহি থাকে হেথা রোগ শোক ভয়;
দূর কর হিংসা পাপ সংশয়
সার তব পায়ে নিবেদিত সকলের মনপ্রাণ, হে-ভগবান॥
- ভাবসন্ধান: এই গানে কবি একটি আদর্শ গৃহজীবনের জন্য ভগবানের কাছে আন্তরিক প্রার্থনা নিবেদন করেছেন। তিনি কামনা করেছেন, যেন সংসার সর্বদা মঙ্গল, কল্যাণ, শান্তি ও পবিত্রতার আবেশে পরিপূর্ণ থাকে।
পরিবারের সকল সদস্যের অন্তর ও জীবন যেন নির্মল জ্যোতিতে আলোকিত হয় এবং তাদের কর্মে সৎ প্রেরণা ও ধর্মবোধ জাগ্রত থাকে। কবি বিশেষভাবে গৃহের নারী ও পুরুষের আদর্শ গুণাবলির কথা উল্লেখ করেছেন। তিনি চান, গৃহের নারীরা যেন পুণ্যবতী, স্নেহময়ী ও নৈতিক আদর্শে উজ্জ্বল হন এবং পুরুষেরা যেন বীরত্ব, ত্যাগ, মহত্ত্ব ও চরিত্রগুণে সমৃদ্ধ হয়ে ওঠেন। পাশাপাশি সংসারের পরিবেশ যেন নির্মল, শীতল ও পবিত্র থাকে এবং সেই গৃহের আলো যেন সৎকর্ম ও পুণ্যের দীপ্তিতে উদ্ভাসিত হয়।
গানের শেষাংশে কবি মানবিক সম্পর্কের সৌন্দর্যের ওপর গুরুত্ব দিয়েছেন। তিনি প্রার্থনা করেছেন, যেন পরিবারের সদস্যদের মধ্যে এবং সকল মানুষের সঙ্গে পারস্পরিক ভালোবাসা ও সম্প্রীতি বজায় থাকে। রোগ, শোক, ভয়, হিংসা, পাপ ও সংশয় যেন সেই গৃহ থেকে দূরে থাকে। সর্বোপরি, সকলের মনপ্রাণ যেন ভগবানের চরণে নিবেদিত হয়ে সত্য, শুভ ও কল্যাণের পথে পরিচালিত হয়। এভাবে গানটি একটি শান্তিময়, ধর্মনিষ্ঠ, নৈতিক ও কল্যাণমুখী পারিবারিক জীবনের প্রার্থনাগীতি হিসেবে প্রতিভাত হয়েছে।
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৬ খ্রিষ্টাব্দের অক্টোবর (আশ্বিন-কার্তিক ১৩৪৩) মাসে এইচএমভি রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করেছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৭ বৎসর ৪ মাস।
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২) -এর ৭৭৬ সংখ্যক গান।
- রেকর্ড: এইচএমভি [অক্টোবর ১৯৩৬ (আশ্বিন-কার্তিক ১৩৪৩)। এন ৯৭৮৯। শিল্পী পারুল সেন। সুর: নজরুল ইসলাম।]
- স্বরলিপি ও স্বরলিপিকার: ইদ্রিস আলী [নজরুল সঙ্গীত স্বরলিপি, দ্বাবিংশ খণ্ড, নজরুল ইন্সটিটিউট, ঢাকা ভাদ্র, ১৪০৭/ সেপ্টেম্বর, ২০০০ খ্রিষ্টাব্দ] ১৭ সংখ্যক গান। [নমুনা]
- সুরকার: কাজী নজরুল ইসলাম
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ধর্মসঙ্গীত। সনাতন হিন্দু ধর্ম। সাধারণ। পরমসত্তা (ভগবান)। প্রার্থনা
- সুরাঙ্গ: ভজন
- তাল: কাহারবা
- গ্রহস্বর: সা