জয় উমানাথ শিব মহেশ্বর (joy umanath shib moheshhor)
জয় উমানাথ শিব মহেশ্বর
চির-ভোরা আশুতোষ স্বয়ম্ভু শঙ্কর॥
তুমি ভগবান জীব-কল্যাণ লাগি
শ্মশানে রহ শিবলোক তেয়াগি,
বিশ্বেশ্বর হয়ে তুমি বৈরাগী হে মহাভিক্ষু দিগম্বর॥
স্বর্গের দেবতারে অমৃত দিয়া
তুমি নাচো আনন্দে গরল পিয়া,
ধুতুরার ফুল শিঙ্গা ডমরু নিয়া─
ভস্ম মাখিয়া রহ গঙ্গাধর॥
- ভাবসন্ধান: গানটিতে কবি স্বয়ম্ভু শিবের বন্দনা উপস্থাপন করেছেন। গানটির স্থায়ীতে শিবের বন্দনা করা হয়েছে তাঁর নানা নামের বিচারে। কারণ তাঁর নামের মাঝেই রয়েছে তাঁর স্বরূপ। শিব যিনি উমার (দুর্গার অপর নাম) পতি, কল্যাণকর বলে তিনি শিব এবং মহান ঈশ্বর বলে মহেশ্বর। তিনি সর্বদা পরমাত্মার ধ্যানে মগ্ন বা নিজ সত্তায় বিভোর হয়ে থাকেন বলে চির-ভোরা। অল্পেই তুষ্ট হন বলে আশুতোষ। তিনি 'স্বয়ম্ভূ' অর্থাৎ যিনি নিজে নিজেই উৎপন্ন হয়েছেন। 'শম্' (কল্যাণ বা আনন্দ) এবং 'কর' (যিনি দান করেন)- এই অর্থে শঙ্কর।
শিব জগতের জীবদের কল্যাণের জন্য স্বর্গীয় সুখ ত্যাগ করে শ্মশানে বাস করেন। তিনি সংসারের মোহ ত্যাগী, বৈরাগ্যের প্রতীক। বিশ্বেশ্বর (বিশ্বের ঈশ্বর) হয়েও তিনি সন্ন্যাসীর মতো দিগম্বর (বস্ত্রহীন, অনাসক্ত)। তিনি অহঙ্কারহীন, সর্বত্যাগী নির্লোভ বলেই তিনি মহাভিক্ষু।
সমুদ্র মন্থনের সূত্রে প্রাপ্ত অমৃত দেবতারা অসুরদের বঞ্চিত করে চুরি করে। অসুররা পুনরায় সমুদ্রমন্থন করলে হলাহল নামক তীব্র বিষ উৎপন্ন হয়। এই বিষ থেকে জগৎকে রক্ষা করার জন্য শিব নিজে বিষ পান করেছিলেন্য। অমর বলেই এই বিষপানে তাঁর মৃত্যু হয় নি। তিনি জগৎ রক্ষা করার আনন্দে ধুতুরার ফুল শিঙ্গা ডমরু নিয়ে আনন্দময় নৃত্যে মেতে উঠেছিলেন। তিনি হয়ে উঠেছেলেন অপরিসীম ত্যাগ ও করুণার প্রতীক।
তিনি অনাড়ম্বর এবং মহিমাময়, তাই তিনি সাদামাট ধুতুরা ফুল ধারণ করেন পরমানন্দে। হাতে তাঁর শিঙ্গা ও ডমরু, সর্বাঙ্গে ভস্ম মেখে তিনি বিরাজ করেন জটাধারী হয়ে। আবার মর্তের কল্যাণে স্বরগ থেকে নেমে আসা গঙ্গাকে ধরণ করে জগৎকে রক্ষা করেছিলেন।
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে জানা যায় না। ১৯৪০ খ্রিষ্টাব্দের ৩রা মার্চ (রবিবার ১৯ ফাল্গুন ১৩৪৬), মণিলাল বন্দ্যোপাধ্যায়ের রচিত 'অন্নপূর্ণা' নামক নাটক মঞ্চস্থ হয়। এই নাটকে এই গানটি প্রথম ব্যবহৃত হয়েছিল। ধারণা করা হয়, নজরুল এই নাটকের জন্যই রচনা করেছিলেন। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৪০ বৎসর ৯ মাস।।
- গ্রন্থ:
- নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১৩৯৬। নাটক: 'অন্নপূর্ণা'। পৃষ্ঠা: ৪২২। ]
- মঞ্চ
- অন্নপূর্ণা। মণিললাল বন্দ্যোপাধ্যায় রচিত নাটক। মিনার্ভা থিয়েটার, কলকাতা। [৩ মার্চ (রবিবার ১৯ ফাল্গুন ১৩৪৬)। ভূমিকা। গিরিকন্যাদের গান]।
- পর্যায়:
- বিষায়াঙ্গ: ধর্মসঙ্গীত। সনাতন হিন্দু ধর্ম। শাক্ত। শিববন্দনা